মাজার জিয়ারত ও পদযাত্রায় সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

দেশ এডিশন (সিলেট) ব্যুরো চীফ
প্রকাশ: ৪ মাস আগে

দেশ এডিশন (সিলেট) ব্যুরো ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারের মধ্য দিয়ে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে ধানের শীষের পক্ষে বিশাল পদযাত্রা করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার (২২ অক্টোবর) জোহরের নামাজ শেষে হজরত শাহজালাল (রহ.) দরগাহে জিয়ারত করে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রচারাভিযান শুরু করেন।

দরগাহ প্রাঙ্গণ থেকে প্রচারপত্র বিতরণের মাধ্যমে শুরু হওয়া পদযাত্রা চৌহাট্টা–জিন্দাবাজার হয়ে নগরের কোর্টপয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতা, উলামায়ে কেরাম, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, তরুণ-যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। অনেকেই হাতে ধানের শীষের প্রতীক নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নগরবাসী আরিফুল হক চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দলের একজন কর্মী। এই সিলেট বিএনপির ঘাঁটি—এই মাটি ও মানুষের ভালোবাসায় আমি অনুপ্রাণিত।” তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে তিনি জনগণের মাঝে গেছেন রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমার নেতা তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি; দলের মনোনয়ন বোর্ড বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

আরিফুল হক চৌধুরী বলেন, “আজকের পদযাত্রা থেকে আমি সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রার্থনা করছি। আমি সিলেট সিটি করপোরেশনের এক খাদিম হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা পেয়েছি। এখন দলীয় হাইকমান্ড যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই একযোগে তাঁর পক্ষে কাজ করব।”

তিনি দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সিলেট-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, একই আসনে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীরও ইতিমধ্যে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলের প্রার্থী ছিলেন এবং এবারও মনোনয়নপ্রত্যাশী।

আরিফুল হক চৌধুরীর এই পদযাত্রাকে বিএনপির অভ্যন্তরে সিলেট-১ আসনে মনোনয়ন দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।

error: Content is protected !!