দেশ এডিশন (সিলেট) ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে স্থায়ীভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। গত ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখা থেকে প্রেরিত এক স্মারকের আলোকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
মন্ত্রণালয়ের স্মারকে উল্লেখ করা হয়— ‘জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪ (৪) (ক) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক তাঁকে স্বীয় পদ থেকে অপসারণ করা হলো।’
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘোষণায় বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫ (১) ও (২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আমি, গোলাম মুস্তফা মুন্না, উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার, সর্বসাধারণের জ্ঞাতার্থে ঘোষণা করছি যে— সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমান উদ্দিন (পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: মিনারাই, মাথিউরা)–এর পদটি এতদ্বারা শূন্য ঘোষণা করা হলো।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমান উদ্দিন ছিলেন তারেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন শেষে চলতি বছরের ৩০ জুন সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।