মাধবদীতে পারিবারিক বিরোধে প্রাণহানি

স্টাফ রিপোর্টার │ মো নুরনবী সানি, নরসিংদী
প্রকাশ: ৩ মাস আগে

নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে আহত এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রমজান আলী (৩৬)। তিনি পুরানচর গ্রামের বাসিন্দা এবং মুসা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকার কারণে পরিবার থেকে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছিল।
ঘটনার রাতে মাদক সেবন সংক্রান্ত বিষয় নিয়ে ঘরের ভেতরে রমজান আলীর সঙ্গে তার দুই ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির মধ্যে রমজান আলী আহত হন। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের সময় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

error: Content is protected !!