মান্দায় আগুনে নিঃস্ব হয়ে পড়েছে ছয় পরিবার

আরিফ হোসেন মান্দা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

নওগাঁ জেলার মান্দা উপজেলা–এর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি পরিবার সর্বস্ব হারিয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতঘর, আসবাবপত্রসহ চারটি গরু ও হাঁস-মুরগি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোঃ আফাজ উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে। এতে আফাজ উদ্দিনসহ তাঁর তিন ভাই, এক বোন এবং প্রতিবেশীর মোট ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজাদ আলী দেশ এডিশনকে জানান, “হঠাৎ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। গায়ে থাকা কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।” ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরবাড়ি ছাড়াও গোয়ালঘরের চারটি গরু, হাঁস-মুরগি, চাল-ডাল, আসবাবপত্র, রান্নার হাড়ি-পাতিলসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস–এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উপজেলা সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁই ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

error: Content is protected !!