মান্দা উপজেলাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারপিটে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আরজি–জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তিরা হলেন— আজিমুদ্দিনের ছেলে ইছাহার আলী দেওয়ান (৬০), তার ছেলে আব্দুল খালেক (২৭), স্ত্রী রোকেয়া বেগম (৫০) এবং আব্দুল মালেকের স্ত্রী সুখী আক্তার (২০)।
অভিযুক্তরা হলেন একই এলাকার আজাহার আলী দেওয়ান (৬৫), আজমেল দেওয়ান (২২), মানিক দেওয়ান (৩৪), রাজু (১৯), সুলতানা বেগম (২৮), শামীমা বেগম (১৯), রুমি আক্তার (২৩) ও রুমানা বেগম (২৬)।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র সরু রাস্তার ওপর সিঁড়ি নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। এতে করে ভ্যানগাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হন এবং আশপাশের ঘরের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে ভ্যান চলাচলের সুবিধার্থে সিঁড়ির পাশ দিয়ে মাটি ভরাট করা হলে সেখানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আহতদের বাড়িতে অনধিকার প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট চালায়। এতে চারজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।