নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক-শ্রীকৃষ্ণ গ্রামের এক মৎস্যচাষীর পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আনুমানিক ১৯ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী দেলোয়ার হোসেন জানান, গত রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে পুকুর পাহারার দায়িত্বে থাকা মো. ইসরাফিল আলী তাকে ফোন করে দ্রুত পুকুরে আসতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান—পুকুরের মাছগুলো অস্বাভাবিকভাবে পানির কিনারায় উঠে ঘুরছে।
পরদিন সকালে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি একজন মাছের চিকিৎসককে খবর দেন। চিকিৎসক পুকুরের পানি পরীক্ষা করে জানান, পানিতে বিষাক্ত কোনো উপাদান মেশানো হয়েছে। এরপর সকাল ১০টার দিকে একে একে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই পুরো পুকুর মরা মাছে ভরে যায়।
দেলোয়ার হোসেন আরও বলেন, তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ করে মাছ চাষ করেছিলেন। এই পুকুরই ছিল তার একমাত্র জীবিকার অবলম্বন। এখন এই বিপুল ক্ষতির কারণে তিনি ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় তিনি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তবে ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা গেছে, সংবাদ সংগ্রহের সময় পর্যন্ত মৎস্য বিভাগ বা প্রশাসনের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হননি।