মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার খুলতে সরকারের নতুন উদ্যোগ

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৩১ minutes ago

বাংলাদেশ থেকে মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ থাকা শ্রমবাজারগুলো দ্রুত চালু করার পাশাপাশি থাইল্যান্ডসহ নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানির সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা হলে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে এবং দালালচক্র ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মো. নুরুল হক বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশি কর্মীদের চাহিদা বরং বৃদ্ধি পেতে পারে।

এ লক্ষ্যে বিদেশগামী কর্মীদের ভাষা দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

error: Content is protected !!