মুসলিম বিশ্বকে খোলা চিঠি ইরানি নিরাপত্তাপ্রধান লারিজানির

দেশ এডিশন আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ৫০ minutes ago

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি সমর্থনের আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি।

আরবি ভাষায় লেখা ওই চিঠিতে তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংকট হিসেবে উল্লেখ করে মুসলিম দেশগুলোকে ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।

চিঠিতে আলি লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং অন্যদিকে প্রতিরোধী শক্তি অবস্থান করছে। তিনি দাবি করেন, ইরান সবসময় মুসলিম দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং কোনো দেশের ওপর আধিপত্য বিস্তারের নীতি অনুসরণ করে না।

ইরানের বর্তমান পরিস্থিতিকে কঠিন সময় উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে মুসলিম দেশগুলোর সমর্থন সীমিত হওয়ায় তেহরান হতাশ। তবে ইরানের জনগণ তাদের অবস্থান থেকে সরে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। একই সময়ে ইসরাইলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক কার্যক্রম শুরু করে বলে জানা যায়।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

error: Content is protected !!