মেঘনা নদীতে অ*বৈধ বালু উত্তোলন, দুই বোটসহ চারজন আটক

বিশেষ প্রতিনিধি | মাজহারুল ইসলাম বাদল
প্রকাশ: ১ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ড্রেজার বোটসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নবীনগর উপজেলার নাছিরাবাদ বালুমহালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানে যৌথবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, চুক্তিপত্রে নির্ধারিত সীমানা অতিক্রম করে চরলাপাং মৌজায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার বোট জব্দ করা হয় এবং চারজন ড্রেজার শ্রমিককে আটক করা হয়।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও জনজীবনের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না।”

উল্লেখ্য, নবীনগরে মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দিন-রাত শতাধিক খননযন্ত্রের শব্দে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা এবং শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

error: Content is protected !!