যশোরে যৌন নির্যাতনের শিকার শিশুদের অনুসন্ধান, উদ্ধার ও শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)–এর উদ্যোগে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি আয়োজন করা হয় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (Stepping Up the Fight Against Child Sexual Exploitation) প্রকল্পের আওতায়। এতে সহযোগিতা করে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স (নেদারল্যান্ডস) এবং ফ্রি এ গার্ল।
প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণের শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন থানার মোট ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।
প্রশিক্ষণে বিশেষভাবে আলোচনা করা হয়—মেয়ে শিশু ভিকটিমদের প্রয়োজনীয় সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করা, শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ এবং বিকল্প পন্থায় (Alternative Dispute/Support Mechanism) সমস্যা সমাধানের গুরুত্ব নিয়ে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তিনি বলেন, প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সচেতন ও সক্রিয় থাকতে হবে। নির্যাতনের শিকার শিশুদের প্রতি বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করার পাশাপাশি, প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে দ্রুত সমন্বয় বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি।
প্রশিক্ষণটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব। এছাড়াও প্রশিক্ষণে এসিডির কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও মানতাকা আকতার উপস্থিত ছিলেন।