রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে নিজ বাড়িতে হত্যা, এলাকায় চাঞ্চল্য

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০)। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে দীর্ঘ সময় ডাকাডাকির পর সাড়া না পেয়ে প্রতিবেশীরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে প্রধান দরজার চাবি পেয়ে ঘরে ঢুকে দুজনকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তাঁর পরিবার বহু বছর ধরে এই বাড়ি দেখাশোনা করে আসছেন। প্রতিদিনের মতো সকালে কেউ বের না হওয়ায় সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে বিষয়টি নিশ্চিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, যোগেশ চন্দ্র রায় পেশায় একজন শিক্ষক ছিলেন এবং ২০১৭ সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তাঁদের দুই ছেলে বিভিন্ন জেলায় চাকরিরত থাকায় দম্পতি গ্রামের বাড়িতে একাই থাকতেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন, পুলিশসহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী হোসেন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম জানান, দুজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

error: Content is protected !!