রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই সময়ে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল-বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি কার্যকর থাকবে।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদ দিয়ে বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৭ দিন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার কারণে বিদ্যালয় বন্ধ রাখা যাবে না। এ ধরনের উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা কিংবা সম্মান প্রদর্শনের জন্য রাস্তায় দাঁড় করানো নিষিদ্ধ থাকবে। তবে ছুটিকালীন সময়ে ভর্তি কার্যক্রম বা প্রয়োজনীয় পরীক্ষা গ্রহণের স্বার্থে প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখা যাবে।

এ ছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদন নিতে হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস— ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয় প্রাঙ্গণে উদ্‌যাপন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, একই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

error: Content is protected !!