পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে অর্গানাইজেশন অব পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)।
শনিবার (৭ মার্চ) বিকেলে মিজমিজি পাইনাদী, তার মাকেট, সিদ্ধিরগঞ্জ পুল, হিরাজিল এবং চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, রমজানের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা সামনে রেখে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ও.পি.এ’র প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত বলেন, সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায় এই ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়ায়। তাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসজুড়ে ও.পি.এ’র পক্ষ থেকে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।