রমজানে ১৭ পদের খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি সহায়তা কুমারখালীতে দুই শতাধিক পরিবার পেল একমাসের খাবার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা–তে বিনামূল্যে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন–এর কর্মকর্তা ও কর্মচারীরা।

সরেজমিনে দেখা যায়, নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের সুরাইয়া বিলকিস চিত্ত বিত্ত বিদ্যাপীঠ এলাকায় ট্রাক ও ভ্যানে সাজানো সাদা প্লাস্টিকের বস্তায় রাখা খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী নাম ডেকে নারী–পুরুষের হাতে দুই বস্তা করে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য সহায়তা পাওয়া ষাটোর্ধ্ব নারী খোদেজা খাতুন বলেন, “আমার স্বামী-সন্তান কেউ নেই। আমি একা থাকি। আজ ট্রাকে করে এসে দুই বস্তা খাবার দিয়ে গেছে। আমরা গরিব মানুষ, এই খাবার পেয়ে খুব খুশি হয়েছি।”

নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া এলাকার বাসিন্দা হাবিবুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন জানান, “আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েক বছর আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে ভারী কাজ করতে পারেন না। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটে। রমজানে সবকিছুর দাম বাড়ায় কষ্ট আরও বেড়ে যায়। আজ হঠাৎ নাম ধরে ডেকে দুই বস্তা খাবার দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, খেজুরসহ অনেক কিছু আছে। এতে রোজার মাসটা ভালোভাবেই কাটবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সরিষার তেল, এক কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, অ্যাংকার ডাল, ছোলা, খেজুর, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম শুকনা মরিচ, ২০০ গ্রাম জিরা, দুই পিস সাবান ও ২০০ মিলিলিটার নারিকেল তেলসহ মোট ১৭ পদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, “রমজান মাসে যেন কোনো গরিব ও অসহায় মানুষ খাদ্য সংকটে না পড়েন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

এদিকে কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল লতিফ বলেন, “আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবসেবায় সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।”

ক্যাপশন:
অসুস্থ হাবিবুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করছেন। ছবি: শনিবার দুপুরে কুমারখালীর চকরঘুয়া এলাকা।

ক্যাপশন:
কুমারখালীর আলাউদ্দিন নগর এলাকায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ছবি: শনিবার দুপুরে তোলা।

error: Content is protected !!