ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের বক্তব্য বাংলাদেশি কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে “ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে জানান, রয়টার্সের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কেবল বাস্তব ঘটনা তুলে ধরেছিলেন। ওই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়—প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না।
এর জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশি-বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষী ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুইজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাতে তার বাসায় যান। তিনি আরও জানান, অন্যান্য কূটনীতিকদের মতো ভারতীয় প্রতিনিধিদের সঙ্গেও স্বাভাবিক সৌজন্য বিনিময় হয়। এ সময় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল—যেহেতু অন্যান্য কূটনীতিকদের সাক্ষাতের বিষয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তাই এই সাক্ষাতের বিষয়ও প্রকাশ করা হবে। তবে ভারতীয় কূটনীতিকরা তখন সেটি প্রকাশ না করার অনুরোধ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি—ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে। এখানে গোপন রাখার মতো কোনো বিষয় নেই।”
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।