ঝালকাঠির রাজাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ, হাঁড়ি-পাতিল, চাল-ডাল, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসেন বলেন, “অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দ্রুত তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেব।”
এ সময় উপস্থিত ছিলেন শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাতে রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় আবু বক্করের ছেলে বাদশা মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ প্রায় ৪ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে বাদশা মিয়া অভিযোগ করে বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার ছিদ্দিক ও তার ছেলে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়।”
তিনি আরও দাবি করেন, “আগুন লাগানোর সময় পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে রাখে।”
তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ছিদ্দিকের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বাদশা মিয়া ও ছিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে এবং এ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।