রিয়া মনি মামলায় দ্রুত অগ্রগতি, শরণখোলায় গ্রেপ্তার ৩

মোঃ তাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাগেরহাটের শরণখোলায় কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যা মামলার মাত্র তিন দিনের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ মার্চ মামলা দায়েরের পরপরই পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রায়েন্দা গ্রামের মাসুম বিল্লাহ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম রুবেল (৩৫), উত্তর কদমতলা গ্রামের মৃত আওয়াল সরদারের ছেলে মো. মিজানুর রহমান (২৩) এবং উত্তর রাজাপুর গ্রামের মো. আমিরের ছেলে তুহিন (২১)।

ওসি আরও জানান, গ্রেপ্তার আসামি মিজানুর রহমান শুক্রবার বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অর্থ লেনদেন, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা এবং মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনে রাস্তার পাশ থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মো. আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫–৬ জনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১১, তারিখ: ২৫/০৩/২০২৬; ধারা: ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০)।

error: Content is protected !!