পবিত্র রমজান মাস শুরু হতে এখনও এক মাসেরও বেশি সময় বাকি থাকলেও এর আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বস্তির ইঙ্গিত মিলছে। বিশেষ করে চিনির দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রোজাকে কেন্দ্র করে আগাম দাম বাড়ার পুরোনো অভিযোগ আবারও সামনে আসছে। অনেক ক্রেতার আশঙ্কা, রমজান যত ঘনিয়ে আসবে, বাজার পরিস্থিতি ততই চাপে পড়বে।
তবে এর মধ্যেই স্বস্তির খবর মিলেছে সবজির বাজারে। শীতের মৌসুম পুরোপুরি শুরু হওয়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে দেখা যাচ্ছে শীতকালীন সবজির প্রাচুর্য। ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, টমেটো, পালংশাক ও লালশাকসহ প্রায় সব ধরনের সবজি সহজলভ্য রয়েছে।
বাজারে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে। কিছু শাকসবজি আরও কম দামে বিক্রি হওয়ায় স্বল্প ও মধ্য আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন পর সবজির দামে স্থিতিশীলতা থাকায় সন্তোষ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় শীতকালীন সবজির দাম এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা।