নোয়াখালীর হাতিয়া উপজেলায় সড়ক সংস্কারকাজ চলাকালে একটি রোড রোলারের চাপায় মো. আজিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) বিকেল দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়ির সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিম ওই এলাকার বেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই রোড রোলারের চালক মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। তারা এই ঘটনার জন্য চালকের চরম গাফিলতি ও বেপরোয়া চালনাকে দায়ী করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।