শরণখোলার মাছের ঘের থেকে অজগর উদ্ধার

(মো. তাইজুল ইসলাম, শরণখোলা
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মাছের ঘের থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার জিলবুনিয়া এলাকায় মো. জয়নাল হাওলাদারের মালিকানাধীন মাছের ঘেরে সাপটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘেরের মালিক জয়নাল হাওলাদার নিজেই সাপটি ধরে বস্তাবন্দি করে বন বিভাগকে অবহিত করেন।

খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। সংগঠনটির টিম লিডার আলম হাওলাদার জানান, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছান এবং সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। এটি একটি অজগর প্রজাতির সাপ। শুক্রবার সকালে সাপটিকে নিরাপদ স্থানে বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানেই অজগরটি লোকালয়ে প্রবেশ করেছিল। এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

error: Content is protected !!