শরীয়তপুর জেলা শহর আধুনিক নজরদারির আওতায়, বসানো হলো ১২০টি এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা

উজ্জ্বল হোসেন | উপজেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: ১ ঘন্টা আগে

সাধারণ মানুষের নিরাপদ বসবাস ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শরীয়তপুর জেলা শহরে আধুনিক নজরদারি নিরাপত্তা কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন। শহরের মূল অংশের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ১২০টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা।
জেলা প্রশাসনের এই উদ্যোগে পুরো শহরকে স্মার্ট নজরদারির আওতায় আনার কাজ শুরু হয়েছে। বর্তমান জেলা প্রশাসক তাহসিনা বেগম–এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে উন্নত এআই প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সংকেত পাঠাতে সক্ষম।
প্রথম পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্টেডিয়াম, বিপণিবিতান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কীর্তিনাশা নদীর কোটাপাড়া এলাকায় ক্যামেরা বসিয়ে নৌপথকেও নজরদারির আওতায় আনা হয়েছে।
এআই প্রযুক্তি সংযুক্ত এই ক্যামেরাগুলো দুর্ঘটনা, যানজট, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, বিকট শব্দ, হট্টগোল, সন্দেহজনক চলাফেরা, চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করতে সক্ষম। একই সঙ্গে ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর শনাক্ত করে ডিজিটাল মামলা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ভিড়ের মধ্য থেকেও চিহ্নিত অপরাধী শনাক্ত করে কন্ট্রোল রুমে সংকেত পাঠাতে পারবে এই এআই সিস্টেম।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ইভটিজিং, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধী চক্র নানা সময় বিভিন্ন সড়ক ব্যবহার করে অপরাধ সংঘটিত করে। এসব অপরাধ দমনে পৌর এলাকার গুরুত্বপূর্ণ ১৪ কিলোমিটার সড়কে ১২০টি এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়।
এই আধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে শরীয়তপুর জেলা শহর আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে রূপ নেবে বলে আশা করছে জেলা প্রশাসন।

error: Content is protected !!