শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলেই জরিমানা

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের আশপাশে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন।

মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না কিংবা করাতে পারবেন না। প্রয়োজনে সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানা আরও বাড়াতে পারবে।

নতুন বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে দ্বিগুণ হারে জরিমানার বিধান রাখা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও শিশু-কিশোরদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতেই এ সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

error: Content is protected !!