শেরপুরে ভাড়া বাসায় পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

জান্নাতুল বাকী (শেরপুর):
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালন শেষে তিনি সকালে বাসায় ফেরেন। পরে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করতে না পেরে রাতে বাসায় এসে তাকে সাড়া না দিতে দেখে বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নিহত শাহিনুল ইসলামের বাড়ি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামে। তিনি মৃত শামছুল হকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তিনি কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে তারা ধারণা করছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেরপুর সদর থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যু সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!