শেরপুরে গ্রামবাংলার শতবর্ষী ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার ২ নং চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ নাগপাড়া গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লুপ্তপ্রায় এই ঐতিহ্যবাহী খেলাটি দেখতে মাঠে নামে হাজারো দর্শকের ঢল।
আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরশেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলী। প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম। এছাড়া সাহানুর রহমান, ইলিয়াস উদ্দিন, মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের ভিড় জমে মাঠে। দর্শকদের করতালি ও উৎসাহে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খেলাপ্রেমীরা নিয়মিতভাবে এ প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।
একসময় গ্রামীণ জীবনের আনন্দ ও বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল গরুর মই দৌড়। সময়ের পরিবর্তন ও আধুনিকতার প্রভাবে খেলাটি আজ প্রায় বিলুপ্তির পথে হলেও এর জনপ্রিয়তা এখনও অটুট। যেখানে আয়োজন হয়, সেখানেই ছুটে আসেন হাজারো মানুষ।
স্থানীয়দের এমন উদ্যোগকে গ্রামবাংলার ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দর্শকরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।