শেরপুর সদরে নবনির্বাচিত এমপির সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

‎জান্নাতুল বাকী, শেরপুর ‎:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

শেরপুর সদর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ–এর সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (শেরপুর সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার গতি বৃদ্ধি এবং চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

error: Content is protected !!