শ্রদ্ধায় নীরব কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছে জাতি। দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি শহীদ মিনারের বেদীর দিকে অগ্রসর হন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এরপর রাত ১২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপরিবারে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। রাত ১২টা ৭ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজতে থাকে, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
পরে রাত ১২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যরা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সবশেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!