ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার নবম দিনে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপির আরও তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মাধ্যমে চট্টগ্রামের ১৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে মনোনয়ন ফরম সংগ্রহকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
শনিবার চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী নাছিরুল আনোয়ার মানিক আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফা কামাল পাশা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, বর্তমানে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।