ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।