প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে ৬৪ দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে রোজা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ ফেব্রুয়ারি হওয়ায়, রমজানের প্রাথমিক সপ্তাহগুলো বিদ্যালয় খোলা থাকবে। এতে প্রায় তিন সপ্তাহ বিদ্যালয় কার্যক্রম চলবে।
তালিকা অনুযায়ী, ২০২৬ সালে রোজা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ১৯ দিন, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১২ দিন, শীতকালীন অবকাশে ১০ দিন, এবং দুর্গাপূজায় ৫ দিন ছুটি থাকবে। অন্যান্য দিবস ও উপলক্ষ মিলিয়ে মোট ছুটি ৬৪ দিন ধরা হয়েছে।
২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে রমজা ও ঈদসহ ছুটি কমানো হয়েছে; ২০২৫ সালে এ ছুটি ছিল ২৮ দিন। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৩ দিন এবং শীতকালীন অবকাশ এক দিন কমানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন, এই ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয়গুলোকে কার্যক্রম পরিকল্পনা করতে হবে।