লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী বলেছেন, নির্বাচিত হলে রামগঞ্জে সুশাসন ও নাগরিক-বান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। সরকারি অফিসে সেবা নিতে আর কাউকে হয়রানি কিংবা ঘুষের শিকার হতে হবে না। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সোনাপুর চৌরাস্তায় তাঁর সমর্থনে অনুষ্ঠিত “মার্চ ফর দাঁড়িপাল্লা” গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘আজ ইউনিয়ন পরিষদে একটি জন্ম নিবন্ধনের জন্য নাগরিকরা দিনের পর দিন হয়রানির শিকার হন। কোটি টাকার বাজেটে নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ডাক্তার নেই, চিকিৎসার মান নিম্নমানের। নির্বাচিত হলে এগুলোকে আধুনিক ও কার্যকর করা হবে।’’
কৃষি প্রণোদনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘‘প্রতিবছর সরকার কোটি টাকার প্রণোদনা দেয় কিন্তু কৃষকদের হাতে তা পৌঁছায় না। শুকনা মৌসুমে কৃষকেরা ফসলের পানির জন্য ভোগান্তিতে পড়েন। একটি গোষ্ঠী খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছে। সুযোগ পেলে কৃষি প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে এবং খাল পুনঃখননের মাধ্যমে সেচের পানির স্থায়ী সমাধান করা হবে।’’
গ্রামীণ দ্বন্দ্ব, দালালি ও মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচিত হলে থানায় দালালি, হয়রানি, ঘুষ—এসব সম্পূর্ণ বন্ধ করা হবে। পুলিশি সেবা নিতে মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।’’
জনগণের জবাবদিহির ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ‘‘ওপেন হাউস প্রথা চালু করা হবে। ইউনিয়ন পরিষদ, থানা, হাসপাতাল—কোথায় কী বরাদ্দ এসেছে, কত টাকা ব্যয় হয়েছে—সব তথ্য জনগণ সরাসরি জানতে পারবে।’’
রামগঞ্জে বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘স্বাধীনতার ৫০ বছরেও রামগঞ্জ বঞ্চনার শিকার। গ্যাস সংযোগ নেই, রেল সংযোগ নেই, নার্সিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট কিংবা মেডিকেল কলেজ নেই। জনগণ চাইলে এসব মেগা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’’
নিজেকে রামগঞ্জের সন্তান দাবি করে তিনি বলেন, ‘‘ঢাকায় আমার কোনো বাড়ি নেই, ব্যক্তিগত গাড়ি নেই। রামগঞ্জেই থাকি, নির্বাচিত হলেও আপনাদের মাঝেই থাকব।’’
গণমিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শ্রম বিভাগের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দশ হাজারেরও বেশি নেতাকর্মী।