রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের জপুই পাড়া এলাকায় গাছ থেকে পড়ে রুহিম ত্রিপুরা (১৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়ে তার প্রাণ রক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৬ মার্চ) সকালে সাজেকের একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহিম ত্রিপুরা গাছে উঠে কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।
এ সময় আশপাশের লোকজন বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন। পরে তাকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহি উদ্দিন ফারকী জানান, সময়মতো চিকিৎসা দেওয়ার কারণে আহত যুবকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিশেষ করে পার্বত্য অঞ্চলের যোগাযোগবিচ্ছিন্ন এলাকায় জরুরি চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা দিয়ে স্থানীয় জনগণের পাশে রয়েছে বিজিবি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত চিকিৎসা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিজিবি সদস্যরা এগিয়ে এসে আহত ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করছেন।
সাজেকসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয়দের নানা সমস্যায় সহযোগিতা করে যাচ্ছেন। আহত ব্যক্তি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান ও জরুরি সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করছে বাহিনীটি।
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।