সাজেক কলেজে প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপন

‎রুপম চাকমা বাঘাইছড়ি:
প্রকাশ: ১ ঘন্টা আগে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার সাজেক কলেজে প্রথমবারের মতো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সাজেক কলেজে শিক্ষা কার্যক্রম সক্রিয় হওয়ায় এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। শেষে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় শুভকামনা জানানো হয়।

error: Content is protected !!