সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন হয়নি — স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। এতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো লিখিত আবেদন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে যশোর জেলগেটে তাঁর স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

বিজ্ঞপ্তির শেষাংশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, গণমাধ্যমগুলো সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখবে।

error: Content is protected !!