সাভারে আসছেন নতুন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

মোঃ আবু তালহা, সাভার
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্মৃতিসৌধ এলাকার বিভিন্ন স্থাপনায় রং ও সংস্কার কাজ, ফুলের বাগান সাজানো, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নিরাপত্তা জোরদারের কাজ চলছে। পুরো প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম নির্বিঘ্ন করতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানান, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আনুষ্ঠানিক কর্মসূচি শেষে স্মৃতিসৌধ আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এদিকে জানা গেছে, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথও সম্পন্ন হয়েছে। এর পরবর্তী যে কোনো দিনে—সম্ভাব্যভাবে ১৮ ফেব্রুয়ারি—নতুন সরকারপ্রধানসহ মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারেন।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

error: Content is protected !!