পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের নাওডুবা বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে জুয়েল নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, গতকাল নাওডুবা বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় পথচারীর মোবাইল ক্যামেরায় ধরা পড়ে জুয়েলের কর্মকাণ্ড। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওটি নজরে আসার পরপরই পদ্মা সেতু দক্ষিণ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত জুয়েলকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নাওডুবা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।