সারাদেশে বাসে আগুনসহ একের পর এক সহিংস ঘটনার জেরে নিরাপত্তাজনিত কারণে নালিতাবাড়ী উপজেলার সব আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জানা যায়, রাজধানী ঢাকায় সোমবার (১০ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর পর্যন্ত চারটি পৃথক স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, প্রথম অগ্নিকাণ্ড ঘটে রাত ১২টা ৫৪ মিনিটে রাজধানীর রায়েরবাগ এলাকায়। সেখানে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেছে।
রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দেশজুড়ে চলমান এসব অগ্নিসংযোগের ঘটনায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার অভাব ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নালিতাবাড়ী বাস মালিক সমিতি সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাস চলাচল শুরু করা হবে। এদিকে, হঠাৎ বাস বন্ধ হওয়ায় নালিতাবাড়ী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।