ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ-এর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণ করতে রমনা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রমনা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সালমান শাহর মা নীলা চৌধুরী দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন।
রায়ে আদালত সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহ মৃত অবস্থায় পাওয়া যায়। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও, পরিবার শুরু থেকেই হত্যা’র অভিযোগ তুলে আসছিল।
প্রায় ঊনত্রিশ বছর পর মামলাটি নতুনভাবে তদন্তের নির্দেশে সালমান শাহ ভক্তদের মধ্যে বিচারের নতুন আশার সঞ্চার হয়েছে।