চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) নগরীর অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৩৩০ জনের একটি নতুন ‘ওয়ান্টেড তালিকা’ প্রকাশ করেছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে।
শনিবার দুপুরে সিএমপির পক্ষ থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮–এর সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তালিকাভুক্তদের মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনারের স্বাক্ষর রয়েছে এবং এর সঙ্গে একাধিক পৃষ্ঠার তালিকা সংযুক্ত করা হয়েছে।
সিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং নগরীর সার্বিক নিরাপত্তা বিবেচনায় তাদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বাড়ানো, আন্তঃজেলা পরিবহনে তল্লাশি, এবং বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
সিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, এটি একটি নিরাপত্তামূলক পদক্ষেপ; মূল লক্ষ্য হলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা।