বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন আদেশ অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
অন্যদিকে, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।