চূড়ান্ত নিষ্পত্তি চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহ নেই

আন্তর্জাতিক ডেস্ক | দেশ এডিশন:
প্রকাশ: ৫৯ minutes ago

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনো সমাধানের ক্ষেত্রে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি থাকতে হবে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান কেবল যুদ্ধ থামানোর অস্থায়ী উদ্যোগে আগ্রহী নয়, বরং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা দেখতে চায়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তবে বিভিন্ন মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে, যা সরাসরি আলোচনা হিসেবে গণ্য করা যাবে না।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি জানান, অতীতের মতো এখনও কিছু বার্তা আদান-প্রদান হচ্ছে, যা মূলত সরকারি চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোও এতে সম্পৃক্ত রয়েছে।
তিনি বলেন, এসব যোগাযোগ ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানে হচ্ছে এবং এতে উভয় পক্ষের অবস্থান ও সতর্ক বার্তা তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি এবং কোনো শর্তও উপস্থাপন করেনি।

আব্বাস আরাগচি আরও বলেন, চাপ বা হুমকির মাধ্যমে ইরানের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আদায় করা সম্ভব নয়। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি পারস্পরিক সম্মানের ভিত্তিতে কথা বলার আহ্বান জানান।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

error: Content is protected !!