ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে। অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অধিবেশনের শুরুতে সংসদ নেতা স্বাগত বক্তব্য প্রদান করবেন এবং স্পিকার নির্বাচনের প্রস্তাব উপস্থাপন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন সংসদ জনগণের প্রত্যাশা, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে গৃহীত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কাজ করবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।