শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলা পরিচালনার জেরে এক আইনজীবীর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরশহরের কালিনগর এলাকার শেখ ফরিদের পুত্র বাবু মিয়া (২৪) ও মৃত আছিম উদ্দিনের পুত্র মাতাব মিয়া (৪৬)।
এর আগে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী পৌরসভার কালিনগর এলাকায় আইনজীবী মো. আশরাফুল আলমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং নালিতাবাড়ী থানার একটি হত্যা মামলায় বাদীপক্ষের কৌশলী হিসেবে কাজ করছেন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মামলার কয়েকজন আসামি জামিনে মুক্তি পেয়ে আশরাফুল আলমকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। কিন্তু তিনি মামলা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র—রামদা, রড ও কিরিচ নিয়ে তাঁর বাড়িতে হামলার চেষ্টা চালায়।
তাঁকে না পেয়ে হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় আইনজীবীর স্ত্রী বাধা দিলে তাঁকে ধাওয়া করা হয়। তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন। পরে স্বামীকে ফোনে খবর দিলে আশরাফুল আলম দ্রুত থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের পলায়নকালে তাড়া দেয় ও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পরে ওই রাতেই আইনজীবীর মা মোছা. রাহিলা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
অ্যাডভোকেট আশরাফুল আলম বলেন, “আমি আইন অনুযায়ী যেকোনো পক্ষের মামলা পরিচালনা করতে পারি। যারা হামলা চালিয়েছে, তারা একাধিক হত্যা মামলার আসামি। আমার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।”
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”