হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ভবনের ছাদ থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্বগড় মহল্লার একটি বাড়িতে ভ্যানযোগে পানির ট্যাংকি ও নির্মাণসামগ্রী পৌঁছে দেন শ্রমিক মকসুদ মিয়া। মালামাল নামানোর সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মকসুদ মিয়ার বাড়ি উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামে। তিনি আতাউর উল্বার ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। জানা গেছে, তিনি দুই শিশু সন্তানের জনক। তার অকাল মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।