হরমুজ প্রণালি পাড়ি দিতে না পেরে শারজার পথে ‘বাংলার জয়যাত্রা’

দেশ এডিশন নিউজ ডেস্ক:
প্রকাশ: ৩ minutes ago

ইরানের অনুমতি না মেলায় ঘুরে দাঁড়াল জাহাজ, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও যাত্রা শুরুর পর শেষ পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় জাহাজটিকে নিরাপত্তার স্বার্থে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় অপেক্ষার পর সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে। টানা প্রায় দুই দিনের নৌযাত্রা শেষে হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় পৌঁছালে ইরান কর্তৃপক্ষের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুমতি না মেলায় জাহাজটিকে আর এগোতে দেওয়া হয়নি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রয়োজনীয় নিয়ম মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তা মঞ্জুর হয়নি। বিষয়টি সমাধানে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি প্রণালির কাছাকাছি অবস্থান করলেও নিরাপত্তার কথা বিবেচনা করে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। পাশাপাশি পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নাবিকদের মনোবল ঠিক রাখতে খাবার বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত ভাতার ব্যবস্থাও করা হয়েছে।
এর আগে জাহাজটি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে এবং পরবর্তীতে কাতার থেকে পণ্য বোঝাই শেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। তবে অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরবর্তী গন্তব্য পরিবর্তন করে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপথে চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে ‘বাংলার জয়যাত্রা’র মতো জাহাজগুলোর চলাচলেও সতর্কতা অব্যাহত রাখা হচ্ছে।

বাংলাদেশ এ সম্পর্কিত আরও পড়ুন:
error: Content is protected !!