ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর ইসলাম।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া সভাকক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখে গরমিল থাকায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ সময় তিনি বলেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি থাকলে সংশ্লিষ্ট প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
এর আগে একই আসনে জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়। জুলাই আন্দোলনের মামলার আসামি হওয়া এবং দীর্ঘদিন পলাতক থাকার অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা খারিজ করা হয়।
এদিকে বগুড়া-০২ আসনে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
মীর শাহে আলম (বিএনপি)
মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী)
মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
এছাড়াও গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনে এবারে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।