হাওড়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মাসুদ আহমেদ শিকদার | নবীগঞ্জ, হবিগঞ্জ:
প্রকাশ: ২০ minutes ago

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পার্শ্ববর্তী শৌলাগড় হাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের কয়েকজন কৃষক সকালে শৌলাগড় হাওড়ে কাজের উদ্দেশ্যে গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় একই গ্রামের শফিক উল্লাহর ছেলে সামশুল মিয়া (২০), মৃত আতিক উল্লাহর ছেলে হাফিজুর রহমান (৫০) এবং মৃত তুতা মিয়ার ছেলে জাহেদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা হতাহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে খোলা মাঠ বা হাওড় এলাকায় না যাওয়ার জন্য স্থানীয় সচেতন মহল সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

error: Content is protected !!