নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে যাঁরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ মোট ১৭ জন নেতা। তাঁদের নেতৃত্বে বিএনপির দুই শতাধিক কর্মী এ যোগদান অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়—এমন সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আজকের মতো এ ধরনের যোগদান অনুষ্ঠান নিয়মিতভাবে চলবে।
তিনি আরও বলেন, আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে দুই শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলতে চাই।
এই যোগদানের মধ্য দিয়ে হাতিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।