হাদিকে গুলির ঘটনায় ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় র‍্যাব-২ অভিযান চালিয়ে তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়া একটি চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবা ও মা গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ ডিসেম্বর সকালেই ফয়সাল ও তার সহযোগী মোটরসাইকেলে ওই বাসা থেকে বের হয়। একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনা দুটি ভবনের ফাঁকা জায়গা থেকে কিছু বের করতে দেখা গেছে। পরে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেল পেছনে বসা আততায়ী লক্ষ্য করে গুলি চালায়। হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। র‍্যাবের এই অভিযানকে যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

error: Content is protected !!