হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

দেশ এডিশন | রাজনীতি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একই আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে উপস্থিত কিছু ইনকিলাব মঞ্চ কর্মী ও হাদির সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তিনি।

শুক্রবার বিকেল চারটার দিকে মির্জা আব্বাস জরুরি বিভাগের সামনে পৌঁছালে উত্তেজিত কর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি টানটান হয়ে উঠলে দায়িত্বে থাকা সেনা সদস্যরা দ্রুত তাকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান।

এর আগেই দুপুরে রাজধানীর বিজয় নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলযোগে কয়েকজন হামলাকারী এসে গুলি ছুড়ে দ্রুত সরে যায়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ বলেন, হাদির মাথায় আঘাত লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে কোমায় রয়েছেন এবং চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

error: Content is protected !!