ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে ‘আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি কয়রা আবু বকর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির খুলনা জেলার সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াসিন আলী, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ আল গালিব, যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরন, ছাত্রশিবিরের বায়জিদ হোসেন এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বেল্লাল হোসেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। বক্তারা বলেন, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।